ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের তথ্য চুরি!

৮ আগষ্ট, ২০১৯ ১৬:৪০  
ফেসবুকের প্রযুক্তিগত ত্রুটি। আর তার জেরেই লক্ষাধিক ইউজারের গোপন তথ্য ফাঁস করে দিল ইনস্টাগ্রাম। ওই তথ্যের মধ্যে রয়েছে ইনস্টাগ্রাম ইউজারদের ব্যক্তিগত 'স্টোরি', বায়ো এবং ইউজার-লোকেশন। ইনস্টাগ্রাম-এর মার্কেটিং বিজনেস পার্টনার HYP3R প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগে পড়েছে। বিজনেস ইনসাইডারের রিপোর্টের পর পার্টনার সংস্থাকে চিঠি লিখে জবাবদিহি চেয়েছে ইনস্টাগ্রাম। HYP3R-কে 'প্ল্যাটফর্ম' থেকে সরিয়ে দেওয়ার কথাও ঘোষণা করেছে সোশ্যাল মিডিয়া সংস্থা। আরও অভিযোগ উঠে, গত এক বছর ধরে ইনস্টাগ্রাম ইউজারদের তথ্য চুরি করেছে স্যান ফ্র্যান্সিসকোর ওই মার্কেটিং সংস্থা। এর থেকেে এই প্রমাণিত যে, কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ডে ফেসবুকের তথ্য চুরির পরও শিক্ষা নেয়নি মার্ক জুকেরবার্গের সংস্থা। মোট কত ইউজারের তথ্য চুরি হয়েছে, তা জানা না গেলেও বিজনেস ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী, গত এক বছরে মাস প্রতি প্রায় ১০ লাখ ইউজারের তথ্য চুরি হয়ে থাকতে পারে। প্রসঙ্গত, ইনস্টাগ্রাম এর মালিকানা মার্ক জুকেরবার্গের ফেসবুকের অধীনেই।